হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের শীর্ষে

প্রকাশ:

হরমুজ প্রণালীতে সৃষ্ট নতুন উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত জুনের মাঝামাঝি প্রত্যাহার করা এই নৌ অবরোধ মঙ্গলবার ওয়াশিংটন সময় বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় ২০০০) থেকে পুনরায় কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ২ এপ্রিলের পর ব্রেন্ট ক্রুডের ক্ষেত্রে একদিনের সর্বোচ্চ ডলারভিত্তিক উল্লম্ফন এবং ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। ডব্লিউটিআইয়ের ক্ষেত্রে এটি ২৯ এপ্রিলের পর সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী অবস্থান।

গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটস–এর বিশ্লেষকরা তাদের প্রতিবেদনে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে স্বল্পমেয়াদে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে।

শেয়ার করুন