২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অভিযানে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু

প্রকাশ:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নিহত মো. তিতাস শেখ (২৭) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি এবং স্থানীয় পুলিশ সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল ওই এলাকায় অভিযানে যায়। দলটি আনুমানিক বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

আইএসপিআর জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক এবং চারটি গোলাবারুদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ে জেলা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। সেনাবাহিনী তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন