বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলার লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) একটি সমঝোতা স্মারকে সই করেছে। বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনভেস্ট বাংলাদেশের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করা। জাহিদুল ইসলাম রনি জানান, এর আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া সরকারি ও বেসরকারি অংশীজনদের সাথে বিনিয়োগকারীদের সমন্বয় ও যোগাযোগ স্থাপনে ইনভেস্ট বাংলাদেশ সহায়তা করবে। পরিবেশবান্ধব অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নেও এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





