ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী বিজনেস আইডিয়া কম্পিটিশন

প্রকাশ:

তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ – ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণদের সৃজনশীল ও বিশ্লেষণী চিন্তাভাবনা জাতীয় উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি শিক্ষার্থীদের নৈতিক উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম। অনুষ্ঠানে বক্তারা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্ভাবননির্ভর উদ্যোক্তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল আইডিয়াকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলো টেকসই উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, আইন সেবা, পর্যটন ও সামাজিক উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী পরিকল্পনা উপস্থাপন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম. মোকবুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার এ.এন.এম. আহসান তৌহিদ মিল্টন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিলসহ বিচারক, মেন্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুলাই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে।

শেয়ার করুন