১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে স্বামী গ্রেপ্তার

প্রকাশ:

অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানায় করা এই মামলায় তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে অপর অভিযুক্ত হাফিজউদ্দীন নামে পারভেজের এক ঘনিষ্ঠ বন্ধুর নাম উল্লেখ রয়েছে, যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে বাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে এবং ভরণপোষণ না পাওয়ার অভিযোগে ভুক্তভোগী প্রায় নয় মাস আগে বাবার বাড়িতে চলে যান। অভিযোগ রয়েছে, পারভেজ বিয়ের পর স্ত্রীর অগোচরে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রাখেন।

বাদী আরও জানান, তাকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন স্বামী। এতে রাজি না হওয়ায় পারভেজ তার ছবিগুলো ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীনের কাছে পাঠান। পরে দুজনের যোগসাজশে ভুক্তভোগীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সেই অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া হাফিজউদ্দীনকে বিয়ে করার জন্যও তাকে চাপ দেওয়া হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন