চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামের এক যুবকের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালের দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তরিকের বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলের চালক পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত ওই যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। স্বজনদের থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।





