১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধের প্রাণহানি

প্রকাশ:

কক্সবাজারের পেকুয়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জামাল হোসেন (৭২) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন একই ইউনিয়নের চইরভাঙা এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতের ভাতিজা নেছার আহমদ জানান, দুপুরে বাড়ি থেকে পেকুয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে চইরভাঙা স্টেশন থেকে একটি অটোরিকশায় ওঠেন তাঁর চাচা। যাত্রাপথে তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে জামাল হোসেন গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। তাৎক্ষণিক অপর একটি অটোরিকশা তাঁর কোমরের ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

শেয়ার করুন