আর্জেন্টিনার গোলপোস্টের নিচে এক নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন এমিলিয়ানো মার্টিনেজ। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল ম্যাচে মাঠে নামলেই তিনি স্পর্শ করবেন এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে ৪৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলরক্ষক হিসেবে নিজের নাম লেখাবেন ৩৩ বছর বয়সী এই তারকা।
২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নেমে তিনি ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন। ফিল্লোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে মোট ১৩টি ম্যাচ খেলেছিলেন, যা চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত ছিল। এবার সেই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার দ্বারপ্রান্তে মার্টিনেজ।
এই অবস্থানে পৌঁছানোর পথে মার্টিনেজ পেছনে ফেলেছেন সার্জিও রোমেরোকে। ‘চিকিতো’ খ্যাত এই গোলরক্ষক ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের তালিকায় এরপর রয়েছেন নেরি পুম্পিদো, যিনি ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছেন। এছাড়া সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ এবং রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।
এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে মোট ১৯ জন গোলরক্ষক মাঠে নেমেছেন। তবে তাদের মধ্যে কেউই ফিল্লোল ও মার্টিনেজের মতো এমন দীর্ঘস্থায়ী সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারেননি।



