রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় বিতর্কিত ডিজে পার্টি ও মাদক সেবনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ অক্টোবর ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারা এলাকায় ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটিতে ডিজে পার্টি ও অবৈধ মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনায় মাদকসহ ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষসহ মোট ৮৫ জনকে আটক করা হয়। বর্তমানে বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত রাখা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে বাহিনীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।





