জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাণিজ্য প্রসারের লক্ষ্যে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরা অংশ নেন।
শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো খাতের উন্নয়ন এবং বিকল্প অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা অর্জনের বিষয়টি। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে জাপানের অর্থায়নে দেশে বড় ধরনের অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমান আলোচনায় উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এছাড়া নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।





