১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে ডুবোচরে আটকে গেল লঞ্চ

প্রকাশ:

বরিশালে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা একটি লঞ্চ মেঘনা নদীর শাখা নদী সংলগ্ন হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় ডুবোচরে আটকে যায়। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, ‘অভিযান-৫’ নামের লঞ্চটিতে করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরিশালের দিকে যাচ্ছিলেন। লঞ্চটি উপজেলার দুটি ঘাট থেকে যাত্রী নিয়ে পুরোনো হিজলা লঞ্চঘাটের দিকে যাওয়ার সময় ডুবোচরে আটকা পড়ে।

লঞ্চটি চরে আটকে যাওয়ার পর যাত্রীদের উদ্ধারের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা সেখানে পৌঁছায়। তবে অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি চরের পাশেই ডুবে যায়। নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, উদ্ধারকারী নৌকায় অতিরিক্ত মানুষ ওঠায় পানি ঢুকে সেটি ডুবে যায়।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে। পরবর্তীতে ডুবোচরে আটকে পড়া লঞ্চের যাত্রীরা স্পিডবোটে করে বরিশাল নগরীতে পৌঁছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন