১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক

প্রকাশ:

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাসেরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাকিবুল। সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় তার মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়, ফলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন