১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবি পুলিশের অভিযান: আটক ১

প্রকাশ:

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত সাইফুল সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজীর বাড়ির মমিন উল্লার ছেলে। গত বুধবার সন্ধ্যার দিকে পুলিশ ওই বাড়ির একটি কাচারিঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজীর বাড়ির কাচারিঘরে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দিকনির্দেশনায় এবং জেলা ডিবির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বাধীন একটি দল সফলভাবে ওই কারিগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে কাচারিঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের কাঠের ও লোহার বাট, বডির বিভিন্ন অংশ, ট্রিগার ও বোল্ট উদ্ধার করা হয়। এছাড়া এসএস স্টিলের আটটি অংশসহ অস্ত্র তৈরির সরঞ্জাম হিসেবে তিনটি প্লাস, একটি গ্রাইন্ডিং মেশিন ও তিনটি রেত জব্দ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন