১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ঘোর বিরোধী ছিলেন সোনিয়া

প্রকাশ:

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জানিয়েছেন, স্বামী রাজীব গান্ধীকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন তিনি ব্যক্তিগতভাবে সেই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন। বিষয়টি তিনি “পুরোপুরি অপছন্দ” করেছিলেন বলে স্বীকার করেছেন। আগামী ১০ নভেম্বর প্রকাশিতব্য নিজের আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রচারণা করতে গিয়ে সোনিয়া এই মন্তব্য করেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানান, স্মৃতিকথায় ঘটনাপ্রবাহ যেভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে কিছুটা সমালোচনা বা হট্টগোল সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

সোনিয়া গান্ধীর মতে, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংবেদনশীল নানা দিক এই বইতে উঠে এসেছে। তিনি বলেন, “আমার সম্পর্কে কারো কারো দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। কারো কারো কাছে হয়তো বিষয়টি নেতিবাচক মনে হতে পারে, তবে জনজীবনে থাকলে এমন সমালোচনা হওয়াটাই স্বাভাবিক।” নিজের অভিজ্ঞতার আলোকে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার সুযোগ হিসেবেই তিনি এই স্মৃতিকথা লেখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এই বইতে ইতালিতে শৈশব কাটানো থেকে শুরু করে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজের দীর্ঘ সময়ের যাত্রাপথ বিস্তারিত তুলে ধরেছেন সোনিয়া। এতে নেহরু-গান্ধী পরিবারের নানা গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত স্থান পেয়েছে। বিশেষ করে, রাজনীতিতে রাজীব গান্ধীর আগমন, পরিবারের গতিপথ বদলে দেওয়া মর্মান্তিক সব ঘটনা এবং ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর তার নিজের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্তটি বইটির অন্যতম আকর্ষণীয় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন