১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

প্রকাশ:

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি তারো আসো।

সাক্ষাৎকালে তারো আসো বাংলাদেশের তরুণ প্রজন্মের বিশাল কর্মশক্তির প্রশংসা করেন এবং দেশটির বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনিয়োগের জন্য অনুকূল হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশের ইতিবাচক ব্যবসায়িক পরিবেশের কারণে জাপানি প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ বাড়াতে অত্যন্ত আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তার সরকার ইতিমধ্যে বিভিন্ন বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আইনি সংস্কার ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। দেশটিতে বর্তমানে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এ পরিস্থিতিতে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি সংস্কারও করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি বাস্তবায়িত হলে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের সুযোগ আরও সুগম হবে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে জাপানের দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তারো আসোর দীর্ঘদিনের ব্যক্তিগত অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরকালে তারো আসোর সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করেন তারেক রহমান। অন্যদিকে, জাপানি নেতা বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার অতীতের সাক্ষাতের কথা স্মরণ করেন। উল্লেখ্য, তারো আসো অতীতে জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় বাংলাদেশ-জাপান সম্পর্কের উন্নয়নে সবসময় গঠনমূলক ভূমিকা রেখেছেন।

উভয় পক্ষ জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারীসহ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাপানের প্রতিনিধি দলে তারো আসোর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ দেশটির জাতীয় সংসদের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। দুই দেশের এই আলোচনা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন