খাগড়াছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

প্রকাশ:

সাম্প্রতিক সময়ে টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগের মুখে পড়া দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)। সোমবার (১৩ জুলাই) সকালে যামিনীপাড়া জোনের আওতাধীন বর্ণাল, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের মোট ৭৫০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে ৪৫০ জনকে জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় স্থানীয় উপকারভোগী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বিজিবির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

ত্রাণ বিতরণ শেষে জোন কমান্ডার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মানবিক সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ ও জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় পাহাড় ধস এবং পানিবাহিত রোগ মহামারি আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন