পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে এ রুটের সকল বেসরকারি কোম্পানির বাস চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে ঢাকায় গমনেচ্ছু হাজার হাজার যাত্রী।
জেলা পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবা মানোন্নয়নের লক্ষ্যে পুরোনো বাস সরিয়ে নতুন বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়। শুরুতে ঢাকার মালিকরা এতে একমত হলেও পরে তা মানেননি। উল্টো ঢাকার মালিকরা পুরোনো বাস না সরিয়ে এ রুটে অতিরিক্ত আরও দুটি বাস যুক্ত করেন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তজনা চলছিল।
এর জেরে শনিবার ঢাকার মালিকরা কিশোরগঞ্জের পরিবহনগুলোর কাউন্টার বন্ধ করে দেন। এর প্রতিবাদে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে মহাখালীগামী সব বাস বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি। হঠাৎ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় টার্মিনালে আসা সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে।
মালিক সমিতি সূত্রে জানা গেছে, এই ধর্মঘটের ফলে ২৩৭টি বাস চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্লাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটি পরিবহনের ৩০টি বাস রয়েছে। মালিকদের এই বিরোধ নিষ্পত্তিতে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি।





