দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা আরও ২৪ ঘণ্টা বাড়াল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ:

সারা দেশে চলমান বৃষ্টির দাপট সহসাই কমছে না। পরিস্থিতি বিবেচনায় দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু অধিক সক্রিয় হওয়ার কারণেই বৃষ্টির এই নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। এরপর আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু পুনরায় সক্রিয় হয়ে বৃষ্টির মাত্রা আবারও বাড়তে পারে।

এর আগে গতকাল রোববার রাজধানীসহ সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল রাজধানীতে। আজ সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে রাজধানীতে ১৩ মিলিমিটার, বগুড়ায় ৩৫ মিলিমিটার, সিলেটে ৩২ মিলিমিটার, ময়মনসিংহে ২৩ মিলিমিটার, নওগাঁয় ১৮ মিলিমিটার এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানান, আজ উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে সকালে ৩ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়। আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বৃষ্টি হতে পারে ঢাকাসহ ছয় বিভাগে। গতকাল রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

শেয়ার করুন