বরিশালে প্রধানমন্ত্রীকে বরণ করতে ৪০ কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীর

প্রকাশ:

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে পৌঁছেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছান। তার এই সফরকে স্মরণীয় করে রাখতে গৌরনদী থেকে বরিশাল নগরী পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মানবপ্রাচীর তৈরি করে তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এই সফরে কোনো ধরনের তোরণ, ফেস্টুন বা ব্যানার ব্যবহার করা হয়নি। সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানানোর এই উদ্যোগটি বেশ নজর কেড়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। দুপুরের দিকে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালের পাশে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখানে জিআই পণ্য হিসেবে স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ শতাধিক দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় বরিশাল বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভা শেষে সড়কপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বরিশাল জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

শেয়ার করুন