নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩২ জন যাত্রী আহত হয়েছেন। নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার সকাল সাড়ে ৮টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এর আগে বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে নয়জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে যাত্রী উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়কের ওপর আটকে থাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় সড়ক পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। বাসের ভেতরে অনেকে আটকে থাকায় এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।





