৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসবে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে ও পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মন্দিরে পূজারীদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করবেন।

সফরসূচি ও কর্মপরিকল্পনা

  • মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দির বা ধর্মসভা মণ্ডপ পরিদর্শন করবেন।
  • এরপর রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে সার্কিট হাউসে বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
  • রাজশাহী থেকে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে রাতে বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে গত রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওই সময় তার সফরসঙ্গী ছিলেন ডা. জুবাইদা রহমান। আগামী মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদযাপিত হবে এবং বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সরকারপ্রধানের এই সফর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন