২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে আগ্রাসন সহ্য করা হবে না

প্রকাশ:

পাকিস্তানের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের (সিএনএসসি) প্রধান জেনারেল সৈয়দ আমির রাজা। শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) এক পাসিং আউট কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান কোনো ধরনের আপস করবে না। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাতের পথ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, কোনো পক্ষ ভুল হিসাব করলে তার ফলাফল হবে ভয়াবহ ও কল্পনাতীত।

আধুনিক প্রযুক্তির ফলে যুদ্ধের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বলে উল্লেখ করেন জেনারেল রাজা। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে বহুমাত্রিক ও আধুনিক রূপান্তর কার্যক্রম পরিচালনা করছে। তিনি অভিযোগ করেন, ‘অপারেশন সিন্দুর’-এ ব্যর্থ হওয়ার পর থেকেই প্রতিপক্ষরা প্রক্সি সন্ত্রাসবাদ, অপপ্রচার এবং প্রথাগত যুদ্ধের বাইরের বিভিন্ন কৌশল ব্যবহার করে পাকিস্তানের সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

শান্তি, সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে পাকিস্তান সবসময়ই গুরুত্ব দেয় বলে মন্তব্য করেন সিএনএসসি প্রধান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, পাকিস্তানের শান্তির প্রতি আগ্রহকে যেন কেউ দুর্বলতা হিসেবে ভুল না করেন। দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে বদ্ধপরিকর বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন