স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি জোরদারে বিএনপির নতুন সিদ্ধান্ত

প্রকাশ:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করার পাশাপাশি জাতীয় কার্যকরী কমিটির সভা দ্রুত আয়োজন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। রবিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের সিদ্ধান্তগুলো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা কার্যক্রমের অগ্রগতিতে স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া দলের নির্বাচনী ইশতেহার নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দলগুলোর বক্তব্য নিয়ে আলোচনার পাশাপাশি এসব বিষয়ে জনগণের কাছে দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে প্রচার ও সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে দলের মহাসচিবকে জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আলোচনা করে স্থায়ী কমিটির সদস্যরা মত দেন যে, এই সফরগুলো বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচনকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে অভিহিত করা হয়েছে। তবে দেশে মাদক সমস্যার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশের পাশাপাশি দলের প্রয়াত সাবেক কোষাধ্যক্ষ ও মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

শেয়ার করুন