২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্রকাশ:

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। চুক্তির আওতায় বিমান চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ সংগ্রহ করবে। এ৩৫০-৯০০ মডেলের বিমানগুলো মূলত দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও মডেলের বিমানগুলো আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির মধ্য দিয়ে বর্তমানে বোয়িং-নির্ভর বহরের পাশাপাশি নতুন প্রজন্মের এয়ারবাস উড়োজাহাজ যুক্ত হওয়ার মাধ্যমে বৈচিত্র্যময় বহর গঠনের পথে এগোচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

এর আগে চলতি বছরেই মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বিমান। গত ৩০শে এপ্রিল সম্পন্ন হওয়া ওই চুক্তিতে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে, যার মোট মূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ সাল নাগাদ বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে ১১ থেকে ১২ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে বিমান কর্তৃপক্ষ এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে। এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫।

নতুন এয়ারবাস ও বোয়িংয়ের সব উড়োজাহাজ হাতে পেলে বিমানের বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে, যার মধ্যে ১৯টি ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি কাঠামোবিশিষ্ট হবে। বর্তমানে বিমানের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৪টি বোয়িং এবং পাঁচটি ড্যাশ-৮ মডেলের। বর্তমান বহরের মধ্যে দুটি উড়োজাহাজ প্রায় অচল এবং বাকি ১৭টিও আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তি করা নতুন উড়োজাহাজগুলোর ক্ষেত্রে একসাথে পুরো টাকা পরিশোধের প্রয়োজন নেই, বরং সরবরাহের সময় ধারাবাহিকভাবে মূল্য পরিশোধ করা হবে।

শেয়ার করুন