পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনরত অবস্থায় জাতীয়তাবাদী তাঁতীদলের এক স্থানীয় নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলম এবং তার বাড়ির ভাড়াটিয়া মো. আব্দুর রাজ্জাক।
অভিযান পরিচালনাকারী দলের প্রধান ও উপপরিদর্শক (এসআই) মো. শের আলম জানান, যুক্তিতলা এলাকায় মাহফুজ আলমের বাড়ির পেছনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাককে তল্লাশি করা হয়। এসময় তার প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর মাহফুজ আলমের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। একই অভিযানে তার বাড়ির ভাড়াটিয়াকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জব্দ করা ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, মাদক সেবনের দায়ে মাহফুজ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বিষয়টি জানাজানির পর ঈশ্বরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি নাফিস আহমেদ জানান, মাহফুজের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, ব্যথানাশক ওষুধ হিসেবে পরিচিত ট্যাপেন্টাডলের অপব্যবহার ঈশ্বরদী এলাকায় বর্তমানে উদ্বেগজনক হারে বেড়েছে। অবৈধ এই ট্যাবলেটের বেচাকেনা ও সেবনের ঘটনা সাধারণ মানুষকে চিন্তিত করে তুলেছে।





