বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশ:

দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন ও পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি একই এলাকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত এলাকার জন্য প্রযোজ্য হবে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা সংশ্লিষ্ট জেলার পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।

শেয়ার করুন