মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে ৫ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় এলাকার অন্তত ৫০০ জন মানুষ অভিযুক্ত হাবুল শিকদারের (৫৭) বিচারের দাবিতে রাস্তায় নেমে ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে উত্তেজিত জনতা অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে অগ্নিসংযোগ করে। মাদারীপুরের কালকিনিতে ৫ বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের বাসিন্দা হাবুল শিকদার তাকে নির্যাতনের চেষ্টা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দেন। পরবর্তীতে হাবুল শিকদার স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে বিষয়টি মীমাংসার জন্য চাপ সৃষ্টি করেন এবং থানায় মামলা না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কায় এবং অভিযুক্তের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী ও ভুক্তভোগীর স্বজনরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ জানান।
ভুক্তভোগী শিশুর বাবা গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, তার শিশুকন্যাকে নির্যাতনের চেষ্টা করা হয়েছে এবং তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম নিশ্চিত করেছেন যে, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের কাউকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





