রাজধানীর তীব্র যানজট নিরসনে প্রস্তাবিত ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং নির্মাণকাজের গতি বাড়ানোর লক্ষ্যেই মূলত এই সভার আয়োজন করা হয়েছিল।
সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনাগুলো সমন্বিতভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানান। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পের বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। এছাড়া, বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পের কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতেও তিনি নির্দেশ দেন।
সভায় সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।





