প্রাথমিক বৃত্তি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, শিক্ষার্থীরা এখন খুব সহজেই অনলাইন এবং মোবাইল এসএমএস-এর মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারছেন। অনলাইনে ফল দেখার জন্য আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করতে হবে।
এছাড়া টেলিটকের এক বিজ্ঞপ্তিতে ফলাফল জানার বিকল্প উপায় জানানো হয়েছে। মোবাইল মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে। (উদাহরণ: DPE 123456)।
বর্তমানে প্রচলিত বৃত্তির হার অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা করে পাবে।





