নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই শিশু সন্তান পিতোসা (৮) ও যাদব (৪) রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবাহী ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে, যার ফলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ওসি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





