ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বেশি বাজেট সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এই তথ্য জানিয়েছেন। মূলত ইয়েমেন সরকারের বিশেষ অনুরোধ এবং সৌদি নেতৃত্বের নির্দেশনায় এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বেশি, অর্থাৎ প্রায় ৬ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব।
সৌদি রাষ্ট্রদূত জানান, ‘সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন’ (এসডিআরপিওয়াই) এর মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন এই বরাদ্দের মূল লক্ষ্য হলো ইয়েমেন সরকারের আর্থিক প্রবাহ সচল রাখা, সরকারি রাজস্ব নীতির কার্যকারিতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বা জীবনযাত্রার মান স্থিতিশীল রাখা।
সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হুতি গোষ্ঠীর নানামুখী হামলায় ইয়েমেনের সম্পদ, রাষ্ট্রীয় সম্পত্তি এবং জনগণের স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই রিয়াদ এই আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংঘাত ও তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া দেশটিতে এর আগেও সৌদি আরব বড় আকারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল।
এসডিআরপিওয়াইয়ের তথ্যানুযায়ী, বর্তমানে ইয়েমেনে শিক্ষা, স্বাস্থ্য, পানি, জ্বালানি, পরিবহন, কৃষি ও মৎস্যসহ আটটি গুরুত্বপূর্ণ খাতে ২৬৮টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব উন্নয়নমূলক কাজের পেছনে সৌদি আরব এখন পর্যন্ত ১.১৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। নতুন এই বাজেট সহায়তা দেশটির ভঙ্গুর অর্থনীতি ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।





