১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

প্রকাশ:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই ৩২৩ নম্বর আসনটি (মহিলা আসন-২৩) শূন্য হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৭ বিধি অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কেউ পদত্যাগ করতে চাইলে তাকে নিজ স্বাক্ষরে স্পিকারের কাছে লিখিত আবেদন জমা দিতে হয়। সেই অনুযায়ী, বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে, সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে তিনি পদত্যাগ করছেন। পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর পরেই আইনি প্রক্রিয়ায় আসনটি শূন্য হয় এবং সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। অতএব, বিনীত প্রর্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।

উল্লেখ্য যে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার বা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর থেকেই ফেরদৌসী আহমেদের পদত্যাগের বিষয়টি জোরালো আলোচনার জন্ম দেয়। এই ঘটনায় সরকারি দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এদিকে, ফেরদৌসী আহমেদ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রাতে দলটি তাদের ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এমন পরিস্থিতিতে তার দলীয় পরিচয় ও সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নতুন করে সামনে আসে।

শেয়ার করুন