জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে সম্ভবত রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা থিও ওল্ড ফক্স নিউজকে বলেন, ‘এখানে কোরিওগ্রাফি মোটামুটি নাটকীয় মুহূর্তের জন্য তৈরি হতে যাচ্ছে।’
ফক্স নিউজ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিষয়ে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আছেন এবং খুব শিগগিরই এ ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি বা পরিবর্তন হতে পারে। ইরানের বিষয়ে ট্রাম্প কয়েকটি সম্ভাব্য পথের কথা বলেছেন, যার মধ্যে রয়েছে আরও সামরিক পদক্ষেপ গ্রহণ, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা এবং আলোচনায় বসা। এই প্রক্রিয়ায় ট্রাম্প আশা প্রকাশ করেন যে ইরান তার আচরণ ঠিক রাখবে।
বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বটি ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব নেতারা বিভিন্ন আন্তর্জাতিক সংকট ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
ইরানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পেজেশকিয়ান সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন এবং আন্তর্জাতিক নানা বিষয়ে, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত নিয়ে দেশটির অবস্থান তুলে ধরবেন। এছাড়া অধিবেশনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।





