৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত

প্রকাশ:

মহাকাশপ্রেমীদের জন্য চাঁদ পর্যবেক্ষণ ও জ্যোতির্বিজ্ঞান চর্চার গুরুত্ব অনেক। আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ সম্পর্কে সবার আগ্রহ ও সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর বিশ্বজুড়ে একটি বিশেষ দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ১৯ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত। সাধারণত প্রথম পক্ষের চাঁদের সময় এই মহাকাশীয় আয়োজনটি করা হয়, কারণ এই সময়ে চাঁদকে সন্ধ্যার আকাশে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। চাঁদের আলো-আঁধারির সীমানায় বা টার্মিনেটরে দীর্ঘ ছায়া পড়ার ফলে এর গহ্বর ও পাহাড়গুলো সাধারণ মানুষের চোখেও বেশ স্পষ্ট হয়ে ধরা দেয়।

নাসার দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশ্বব্যাপী আয়োজনের মূল লক্ষ্য হলো চন্দ্র পর্যবেক্ষণ এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে নাসার আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদের বুকে পুনরায় মানব অভিযানের প্রস্তুতি চলায় বর্তমানে চন্দ্রের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বহুগুণ। মানুষ দলবদ্ধভাবে কিংবা ঘরে বসেই এই উৎসবে অংশ নিতে পারে। খালি চোখে, বাইনোকুলার কিংবা টেলিস্কোপ ব্যবহার করে চাঁদের সৌন্দর্য উপভোগ করার এই দারুণ সুযোগ ঘরে বসেই কাজে লাগানো সম্ভব। এই আয়োজনে নাসার লুনার রিকনসানাউন্স অরবিটার এবং আর্টেমিস মিশনের তোলা চন্দ্রপৃষ্ঠের ছবিগুলো বাড়তি মাত্রা যোগ করে।

প্রযুক্তির কল্যাণে মহাকাশের রহস্য উন্মোচনেও মানুষ এখন অনেক এগিয়ে। আগ্রহীরা চাইলে থ্রি–ডি প্রিন্টারের সাহায্যে অ্যাপোলো ১১ মিশনের ঐতিহাসিক ল্যান্ডিং সাইটের মডেল তৈরি করতে পারেন। মানুষের কৌতূহলী মন চিরকালই অজানাকে জানার নেশায় মগ্ন। এই বৈশ্বিক উৎসবটি চাঁদকে কেন্দ্র করে বিশ্ববাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসে। চাঁদকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মহাকাশবিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলো সহজে শেখা যায়। এছাড়া মহাকাশ নিয়ে সাধারণ মানুষের তোলা ছবি, শিল্পকর্ম এবং গল্পগুলো এই দিনে একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ থাকে।

নাসার চলমান বিভিন্ন চান্দ্রবিজ্ঞান এবং গবেষণা প্রোগ্রামগুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও এই আয়োজনের একটি প্রধান উদ্দেশ্য। চাঁদ দেখার এই অনাবিল আনন্দ মানুষকে কেবল মহাকাশ নয়, বরং নিজের চারপাশের পৃথিবী ও আকাশের প্রতি আরও বেশি কৌতুহলী ও আগ্রহী করে তোলে। আজ সন্ধ্যার আকাশে যে চাঁদ দেখবেন, সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে পারেন। মহাকাশপ্রেমীরা চাইলে তাদের তোলা চাঁদের ছবি নাসার কাছে পাঠিয়ে এই আয়োজনের অংশীদার হতে পারেন।

শেয়ার করুন