বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দীন সরকার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন যে, ১২ জুলাই বাংলাদেশ সময় ফজরের সময় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে সাংবাদিক অলিউল্লাহ নোমান সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করেছেন। তিনি উল্লেখ করেন, স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ে জমির উদ্দিন সরকার বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য তাকে নিয়মিত ডেকে পাঠাতেন। অলিউল্লাহ নোমানের ভাষ্যমতে, তিনি ছিলেন একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক, যার রাজনীতির মূল লক্ষ্য ছিল ভারতীয় আধিপত্যবাদমুক্ত একটি সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দেশ একজন গুণী রাজনীতিবিদকে হারালো বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির সেবায় তার অবদান কবুল করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের দোয়াও করেছেন তিনি।





