১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে যুদ্ধবিরতি শুরু

প্রকাশ:

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মূলত মানবিক সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে দুই পক্ষ এই বিরতিতে রাজি হয়। ওলেশকিতে আটকে থাকা প্রায় দুই হাজার বাসিন্দা বর্তমানে তীব্র খাদ্য ও চিকিৎসা সংকটের মুখোমুখি। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে দুই দেশের বেসামরিক কর্মকর্তারা সেখানে গিয়ে বাসিন্দাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। তবে এই যুদ্ধবিরতির মেয়াদ কতদিন স্থায়ী হবে, তা এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি।

যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে শহরটির একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং দনিপ্রো নদীর সাউদার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং আটজন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনার কড়া সমালোচনা করে জানান, কোনো সামরিক স্থাপনা না থাকা সত্ত্বেও অত্যন্ত জনবহুল এলাকায় রাশিয়া এই হামলা চালিয়েছে।

আগামী নভেম্বরে ওয়াশিংটন, মস্কো ও কিয়েভের মধ্যে পুনরায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনার পরিকল্পনা রয়েছে। এদিকে, যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের দ্রুত উদ্ধারের লক্ষ্যে ইউক্রেনীয় সামরিক বাহিনী প্রথমবারের মতো ‘স্টারগেট’ নামক বিশেষায়িত ড্রোন ব্যবহার শুরু করেছে।

শেয়ার করুন