২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে গত আগস্টে অনুষ্ঠিত বৈশ্বিক এই প্রতিযোগিতায় বিজয়ীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় বিজয়ীদের এই সাফল্য কেবল তাদের নিজেদের অর্জন নয়, এটি বাংলাদেশের সকল মুসলমানের অর্জন। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে তাদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হলে এর সুফল দেশ ও জাতি পাবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকার গঠনের পর থেকে মেধাবীদের উৎসাহিত করার যে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে, এই সংবর্ধনা তারই অংশ বলে প্রধানমন্ত্রী জানান। অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এছাড়া ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

দেশের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজের ধরন ভিন্ন হলেও শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন এবং হাফেজদের কণ্ঠে প্রতিযোগিতার সূরা তিলাওয়াত শোনেন।

উল্লেখ্য, সৌদি আরবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন। নারীদের মধ্যে হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন