অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের নাম ও ছবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি বিভিন্ন ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক জরুরি সতর্কবার্তায় মো. রুহুল কুদ্দুস কাজল জানান, তিনি জানতে পেরেছেন যে তার পরিচয় ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রতারণা চালানো হচ্ছে। ইতিমধ্যে এই চক্রটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া তার বেশ কয়েকজন নারী সহকর্মীও টেলিফোনে এ ধরনের প্রতারণার শিকার হওয়ার কথা তাকে জানিয়েছেন।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে, প্রতারক চক্রটি হয়ত তার কণ্ঠস্বরও ক্লোন বা নকল করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানিয়েছেন। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে তিনি সতর্কবার্তার সাথে প্রতারক চক্রের ব্যবহৃত কিছু স্ক্রিনশটও সংযুক্ত করেছেন।





