প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৪। কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কনসার্টের প্রমোটার মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, বিভিন্ন স্টেডিয়াম ও ভেন্যু কর্তৃপক্ষ তাদের জানিয়ে দিয়েছিল যে, ম্যাকলেমোরকে লাইনআপে রাখা হলে তারা কনসার্ট আয়োজনের অনুমতি দেবে না। এই পরিস্থিতিতে পুরো ট্যুরই বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় অংশীজনদের সঙ্গে আলোচনার পর শিরানের অবশিষ্ট আটটি শো থেকে ম্যাকলেমোরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
গত ৪ সেপ্টেম্বর মেটলাইফ স্টেডিয়ামের মঞ্চে গান পরিবেশনের সময় ম্যাকলেমোর বলেছিলেন, এই সফরে যুক্ত হওয়ার অন্যতম একটি কারণ ছিল স্টেডিয়ামের মতো বিশাল পরিসরে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান উচ্চারণ করা। তিনি গাজা থেকে অধিকৃত পশ্চিম তীরের মানুষের উদ্দেশে বলেন, আমরা তাদের ভুলে যাইনি। ওই সময় মঞ্চের পর্দায় গাজায় ইসরাইলি আগ্রাসনের ধ্বংসযজ্ঞের ছবিও প্রদর্শিত হয়েছিল। পরের দিন ৫ সেপ্টেম্বরের শোতেও তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইহুদি দর্শকদের উদ্দেশে বলেন, ইসরাইল ও বর্ণবাদের সমালোচনা করা মানে ইহুদিবিদ্বেষ নয়, বরং তার বার্তাটি ভালোবাসা, শান্তি ও সব মানুষের সমান মর্যাদার পক্ষে।
ম্যাকলেমোরের এই অবস্থান তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইসরাইলি আমেরিকান কাউন্সিল (আইএসি) তার বিরুদ্ধে কনসার্টের মঞ্চকে একতরফা প্রচারণায় ব্যবহারের অভিযোগ আনে। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের মালিক ও মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফটও ম্যাকলেমোরের প্রবেশে আপত্তি জানান এবং অন্যান্য ভেন্যু কর্তৃপক্ষকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তবে বাদ পড়ার ঘটনায় কোনো আক্ষেপ নেই জানিয়ে চারবারের গ্র্যামিজয়ী এই শিল্পী বলেন, তিনি কিংবা এড শিরান বা পিঙ্ক—কেউই ভুক্তভোগী নন। তার মতে, আসল ভুক্তভোগী তো গাজার ফিলিস্তিনিরা, যেখানে ২০ হাজারের বেশি শিশুকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ম্যাকলেমোর আরও বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার কারণে যদি তাকে মঞ্চ হারাতে হয় এবং তাতে যদি আবারও বিশ্ববাসীর নজর ফিলিস্তিনের দিকে ফেরে, তবে সেটিই হবে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ট্যুর।





