ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাকের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার পর সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়ানোর জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগতির বাস ডিম কুড়াতে থাকা লোকজনের ওপর দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। ট্রাকচালক বাদে নিহত ও আহত ব্যক্তিরা সবাই সোয়াদী ও এর আশপাশের এলাকার বাসিন্দা। ঘটনার প্রত্যক্ষদর্শী শুভ চক্রবর্তী জানান, বাসটি দ্রুতগতিতে এসে ডিম কুড়াতে থাকা ব্যক্তিদের চাপা দিয়ে চলে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন আহত ব্যক্তিকে আনা হয়েছিল, যার মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন। বর্তমানে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।





