যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বিধ্বস্ত আকাশযানটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের ‘নিউজচপার ৪’ বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার চ্যাটসওয়ার্থ এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ ও সরাসরি সম্প্রচার করতে গিয়ে হেলিকপ্টারটি এই দুর্ঘটনার কবলে পড়ে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হেলিকপ্টারটি দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায় এবং সেই আগুন দ্রুত চারপাশের চারটি গাড়ি ও দুটি কনটেইনারে ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপক বাহিনীর ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানান, একজন ব্যক্তি হেলিকপ্টার থেকে বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে এনবিসি ফোর-এর উপস্থাপক কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে তার সহকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে একই এলাকায় একটি বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছিলেন। সেই সড়ক দুর্ঘটনার সংবাদ পরিবেশনের সময়ই এই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।





