১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার ও অনলাইন অপরাধ দমনে মালয়েশিয়ার নতুন সমঝোতা

প্রকাশ:

সীমান্তপারের ক্রমবর্ধমান অপরাধ, অনলাইন প্রতারণা, মানবপাচার, জাল নথি এবং পরিচয় অপব্যবহারের মতো জটিল সমস্যা মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে মালয়েশিয়া। এ লক্ষ্যে দেশটির ইমিগ্রেশন বিভাগ এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল উপস্থিত ছিলেন। এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন প্রতারণার ক্রমবর্ধমান ধরন মোকাবিলায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও দমনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।

নতুন এই সহযোগিতা কাঠামোর আওতায় মানবপাচার, অভিবাসী পাচার, জাল নথি তৈরি ও ব্যবহার এবং পরিচয় চুরির মতো অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের ফলে অপরাধের ধরন এখন অনেক বেশি জটিল হয়ে উঠেছে। তাই তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বিত ব্যবহার এখন সময়ের দাবি। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা ও ডিজিটাল জালিয়াতি থেকে সুরক্ষা দেওয়া সহজতর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. শামসুল আনুয়ার নাসারাহ, যোগাযোগ মন্ত্রণালয়ের মহাসচিব আবদুল হালিম হামজা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আওয়াং আলিক জেমান, মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের (এমসিএমসি) চেয়ারম্যান তান শ্রী মোহাম্মদ সালিম ফাতেহ দিন এবং ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা ইমিগ্রেশন ও ডিজিটাল যোগাযোগ খাতের কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করবে এবং অপরাধ দমনে নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন