১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে বিভিন্ন স্থানে অপরাধ দমন ও সামাজিক কর্মকাণ্ড

প্রকাশ:

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন কুষ্টিয়া জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। গতকাল দুপুর ১টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের নেত্রীরা এমপির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার-৬০/৭৫-আর থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বাজার পাড়ার জাহাঙ্গীরের মেহগনি বাগানে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিশেষ টহল চলাকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়িসহ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে শহরের আব্দুজ জহুর সেতুর ওপর একটি টিডি টাটা গাড়ি তল্লাশি করে এসব বিড়ি জব্দ করা হয়। পুলিশ জানায়, আটক আব্দুল করিম ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপড়া গ্রামের জফির আলীর ছেলে। তিনি আন্তঃজেলা চোরাকারবারি চক্রের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ভোলা জেলার মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল শতবর্ষ উদযাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্যসহ ১০টি ইভেন্টে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। ইউএনও খান সালমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার ও সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির নেতারা। গতকাল দুপুরে শহরের আখড়া বাজার ব্রিজসংলগ্ন বিজয় চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উৎপাদন ব্যয় বাড়ায় জেলার শতাধিক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান সংকটে পড়েছে। তারা কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের বিল শিল্পহারে নির্ধারণ, সহজ শর্তে ঋণ, বিএসটিআই লাইসেন্স প্রক্রিয়া সহজ ও হয়রানি বন্ধের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার হিরো, সদর উপজেলার সিমাখালি এলাকার সালমান শরীফ এবং লোহাগড়া উপজেলার ইকবাল হোসেন মোল্লা। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, পাঁচটি খালি মদের বোতল, দেশীয় অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, মাদক বিক্রির ৫৯ হাজার ৫০০ টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ওসি মো. আলাউদ্দিন জানান, সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং গতকাল আদালতে পাঠানো হয়।

পিরোজপুরের কাউখালীতে শাওন ইসলাম অপু নামে এক যুবককে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শিয়ালকাঠী চৌরাস্তাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়। অপু শিয়ালকাঠী এলাকার মৃত শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন।

শেয়ার করুন