মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে আবু বক্কর (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির মুন্সী চরকান্দি গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আবু বক্কর কাদির মুন্সী চরকান্দি গ্রামের সাইমুন ঢালীর ছেলে। জানা যায়, মঙ্গলবার বিকেলে আবু বক্কর বাড়ির সংলগ্ন জলাশয়ের পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ওই জলাশয়ে পড়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বন্যা মৌসুমে প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।





