২০২৬ বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রির উদ্যোগ ফিফার

প্রকাশ:

ফুটবল বিশ্বকাপের এবারের আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪৮টি দেশের অংশগ্রহণে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে, যার মধ্যে ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। এই ফাইনাল ম্যাচের সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে ৩২,৯৭০ ডলার এবং খাবার-পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম সাড়ে ৩২ হাজার থেকে সাড়ে ৩৪ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

টিকিট বিক্রির পাশাপাশি আয় বাড়ানোর লক্ষ্যে ফিফা একটি অভিনব উদ্যোগ নিয়েছে। তারা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের মাঠের ঘাসের টুকরো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলপ্রেমীরা চাইলে ফাইনাল ম্যাচের মাঠের অংশ সংগ্রহে রাখতে পারবেন। প্রতিটি টুকরোর জন্য ৪৫০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকার বেশি খরচ করতে হবে আগ্রহীদের। তবে এই টাকায় মাঠের ঠিক কতটা অংশ কেনা যাবে, তা ফিফার পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হয়নি।

ফিফার ওয়েবসাইটে প্রতিটি টুকরোর মাপ ১৭.৫/১৭.৫/১৭.৭ উল্লেখ করা হয়েছে, তবে এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার, তা স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে অনেক আগ্রহী ফুটবলপ্রেমী ফিফার কাছে জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। ফিফার ভাষ্যমতে, এটি একটি উচ্চমানের অ্যাক্রিলিকে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং এর সাথে একটি স্মারকও থাকবে।

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর এই স্মারকগুলো আগ্রহীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই সুযোগটি কেবল আমেরিকা এবং ইউরোপের বাসিন্দারা পাবেন। বিশ্বের অন্য কোথাও এই মাঠের টুকরো পাঠানোর কোনো পরিকল্পনা নেই ফিফার, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন