নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনার কথা শোনা গেলেও, এ বিষয়ে সরকার সম্পূর্ণ অন্ধকারে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচনের ধাপগুলোর তারিখ ঘোষণার বিষয়টি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য বা যোগাযোগ নেই। সরকারের সাথে কোনো ধরনের আলোচনা বা পত্র যোগাযোগ ছাড়াই নির্বাচন কমিশন এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।
মীর শাহে আলম আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা রয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত সরকারের সাথে আলোচনার পর প্রস্তুতি সভা অথবা আইনশৃঙ্খলা কমিটির সভা করা। নিয়ম অনুযায়ী এরপরই নির্বাচনের তারিখ ও বাজেট ঘোষণা করার কথা থাকলেও এক্ষেত্রে এমনটি হয়নি।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন যে, নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





