বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

প্রকাশ:

দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে এবং জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা জানান, বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্গত এলাকায় জনগণের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয় বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন