৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে সম্পদের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

প্রকাশ:

দেশের বাইরে নিজের কোনো বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা, ভিলা কিংবা জমির মালিকানা থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে স্পষ্ট করে বলেন, বিদেশে তার নামে যদি ধুলিকণার মতো ক্ষুদ্র কোনো সম্পদের প্রমাণও কেউ দিতে পারে, তবে তিনি তাৎক্ষণিকভাবে রাজনীতি থেকে বিদায় নেবেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন। তিনি উল্লেখ করেন, সরকারের কাছে তথ্য অনুসন্ধানের সক্ষমতা রয়েছে এবং এটি কোনো রকেট সায়েন্স নয়। এর আগে অনেক অনুসন্ধানী সাংবাদিক ও সরকার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিদেশে থাকা সম্পদের তথ্য বের করেছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে এবং দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, সরকার কি এখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো ভুঁইফোড় 'আজকের কণ্ঠ'-এর ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান চালাচ্ছে? আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিরোধী দলকে দমন-পীড়নের ক্ষেত্রে বর্তমান সরকার আগের সরকারের মতোই পদ্ধতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, সরকার নিজেদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি সরাতেই এই নাটক শুরু করেছে।

নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধুলিকনারও প্রমাণ দিতে পারেন তাহলে সাথে সাথে রাজনীতি ছেড়ে দিবো।

৬ মাসেই বিরোধী দলকে রাজনৈতিক ভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চুড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?

শেয়ার করুন