৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের অখণ্ডতা নিয়ে নতুন চ্যালেঞ্জ: স্বাধীনতার দাবিতে একজোট তিন অঞ্চল

প্রকাশ:

যুক্তরাজ্যের অখণ্ডতা বর্তমানে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বৃহত্তর আত্মনিয়ন্ত্রণ এবং স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের অধিকারের দাবিতে এবার ঐক্যবদ্ধ হচ্ছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের এই তিন স্বশাসিত অঞ্চলের নেতারা ওয়েলসের রাজধানী কার্ডিফে একটি নজিরবিহীন সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন। এই সম্মেলনে তারা একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন, যেখানে স্বাধীনতার গণভোট আয়োজন এবং নিজেদের সাংবিধানিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দাবি করা হবে।

ওয়েস্টমিনস্টারের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্প্রতি জানিয়েছেন, স্কটল্যান্ডে স্বাধীনতার আরেকটি গণভোটের পক্ষে যদি 'স্পষ্ট ঐকমত্য' তৈরি হয়, তবে তিনি তাতে অনুমোদন দেবেন। বার্নহাম ইংল্যান্ডের ক্ষমতা বিকেন্দ্রীকরণকে তার রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অংশ হিসেবে ঘোষণা করেছেন। পরিবর্তিত এই পরিস্থিতির সুযোগ নিয়ে স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সোয়িনি দাবি করেছেন, বার্নহাম এখন হয়তো এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছেন, যার ফলে তিনি ইতিহাসে 'যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী' হিসেবে পরিচিত হতে পারেন।

গত মে মাসে ওয়েলসের নির্বাচনে লেবার পার্টির দুর্বল ফলাফলের পর স্বশাসিত অঞ্চলগুলোর ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে। বর্তমানে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড—এই তিন অঞ্চলেই স্বাধীনতাপন্থী দলগুলোর নেতৃত্বাধীন সরকার রয়েছে। কার্ডিফের সেনেডে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে প্লেইড কামরু, যার ফলে দলটির নেতা রুন আপ আইওরওয়ার্থ ওয়েলসের ফার্স্ট মিনিস্টার হওয়ার পথ তৈরি করেছেন। স্কটল্যান্ডে এসএনপি তাদের প্রধান রাজনৈতিক শক্তি ধরে রাখলেও রিফর্ম ও গ্রিনস দল সেখানে আসন বাড়িয়েছে। অন্যদিকে, উত্তর আয়ারল্যান্ডে ২০২৪ সাল থেকে সিন ফেইনের নেতৃত্বে সরকার চলছে এবং মিশেল ও'নিল ফার্স্ট মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের স্টর্মন্ট নির্বাচনে সিন ফেইন সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছিল, তবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) সরকারে অংশ নেয়া থেকে সরে দাঁড়ানোয় নির্বাহী পরিষদ গঠনে বিলম্ব হয়েছিল। আগামী বছর সেখানে পুনরায় নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে সিন ফেইন তাদের ক্ষমতা ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে।

কার্ডিফের সেন্ট ডেভিড'স হোটেলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তিন অঞ্চলের ফার্স্ট মিনিস্টারদের পাশাপাশি আয়ারল্যান্ডের সিন ফেইনের প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা মেরি লু ম্যাকডোনাল্ডও অংশ নেবেন। নেতারা সেখানে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং সাংবিধানিক স্বায়ত্তশাসনের দাবিতে নতুন করে প্রচারাভিযান চালানোর বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন