৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যমুনায় বালুবোঝাই বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ

প্রকাশ:

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে বালুবোঝাই একটি বলগেট ডুবে যাওয়ার ঘটনায় দুই দিন ধরে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ দুই শ্রমিক হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাশিম নগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯) এবং নোয়াখালী জেলার মাইজদী উপজেলার আন্তার চরের লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ (২৫), যিনি বলগেটের ইঞ্জিন মিস্ত্রী হিসেবে কাজ করতেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক শরীফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার সময় বলগেটটিতে মোট চারজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন। ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে যমুনা নদীতে বর্ষা মৌসুমের তীব্র স্রোত থাকায় পানির গভীরে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়েছে।

রোববার সারা দিন চেষ্টা চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে ডুবুরি দল। উপপরিচালক শরীফুল ইসলাম ধারণা করছেন, নিখোঁজ শ্রমিকরা হয়তো বলগেটের ইঞ্জিন রুমে আটকা পড়ে থাকতে পারেন। তবে নদীর প্রবল স্রোতের কারণে নিচে নামা যাচ্ছে না। তিনি আরও জানান, বলগেটে থাকা বালু সরিয়ে ফেললে এটি ওপরে তোলা সহজ হতে পারে। উদ্ধারকারী দল আজ তাদের খুঁজে পাওয়ার আশা করছে।

শেয়ার করুন